
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নিজ অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান (মিজু) মৃধা।
বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ কটকস্থল মহাসড়ক থেকে লালচাঁন হাওলাদার বাড়ির প্রবেশপথ পর্যন্ত ইটের সোলিং রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করেন তিনি। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় বাসিন্দারা নানা দুর্ভোগের শিকার হচ্ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদার কারণে শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হতো।
স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করে মিজান মৃধা এলাকার মানুষের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। এতে স্থানীয়দের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে।
এ বিষয়ে মিজানুর রহমান (মিজু) মৃধা বলেন, “এলাকার মানুষের কষ্ট লাঘব করতেই আমি নিজ উদ্যোগে রাস্তার কাজ করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা করব।”
তার এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।