মোঃ মেহেদী হাসান।
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে বরিশালের গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল ও গৌরনদী উপজেলা ছাএদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অপরাধ প্রতিরোধ, আইন মেনে চলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার, সাইবার প্রতারণা, অনলাইন জুয়া, নারী নির্যাতন ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। একই সঙ্গে এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি সহপাঠী, পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়।
ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। শিক্ষার্থী, পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।” কোনো অপরাধ বা অনিয়মের তথ্য পেলে তা গোপন না রেখে পরিবার, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে সমাজে অপরাধের বিস্তার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই শিক্ষাজীবন থেকেই আইন, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।