১৫ জুলাই ২০২৬ (বুধবার) জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর উদ্যোগে বরিশালে ১০২ জন এতিম শিশুর মাঝে ত্রৈমাসিক খাদ্যসামগ্রী, নতুন পোশাক, জাম্প কেডস এবং হাইজেনিক আইটেম বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী বরিশালস্থ ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের হাতে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, রূপাতলী, বরিশাল-এর সোশ্যাল ওয়ার্কার মো. নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের বরিশাল অফিসের প্রজেক্ট অফিসার মো. রহমাতুল্লাহ, জুনিয়র অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক অফিসার শিবলী এবং জুনিয়র প্রজেক্ট অফিসার আননুর খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল আলম বলেন, “দেশব্যাপী এতিম শিশুদের জন্য ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ যে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি বিশ্বাস করি, যথাযথ পরিচর্যা ও সহযোগিতা পেলে এই শিশুরাই ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংস্থাটি জানায়, অরফ্যান কেয়ার প্রোগ্রাম-এর আওতায় নিবন্ধিত প্রতিটি শিশু বছরে চারবার খাদ্যসামগ্রী, সারা বছরের শিক্ষা উপকরণ ও টিউশন ফি, নিয়মিত স্বাস্থ্যসেবা এবং বছরে দুইবার নতুন পোশাক পেয়ে থাকে।
উল্লেখ্য, দাতা সংস্থা মা ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ বর্তমানে সারা দেশে প্রায় ৪০০ জন এতিম শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদা পূরণে নিয়মিত সহায়তা প্রদান করে আসছে।