গৌরনদী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একাধিক মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত মো. দুলাল শরীফ ওরফে দুলু শরীফ (৪৫) কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। একই অভিযানে তার সহযোগী আরমান সরদার (৩১) কেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় অভিযান চালায় গৌরনদী মডেল থানা পুলিশ।
অভিযানে দুলু শরীফকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী আরমান সরদারকেও আটক করা হয়।
গ্রেপ্তার দুলু শরীফ সুন্দরদী মহল্লার মৃত ইউনুস শরীফের ছেলে এবং আটক আরমান সরদার একই এলাকার মো. কবির সরদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, দুলু শরীফের বিরুদ্ধে গৌরনদী, আগৈলঝাড়া ও বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মাদকদ্রব্য মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশের তালিকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল বলেন, 'দুলু শরীফ একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।'
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।