প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:০৪ পি.এম
ঐতিহাসিক ৭ মার্চ আজ

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে এটি এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আয়োজিত এক বিশাল জনসভায় তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতিকে স্বাধীনতার সংগ্রামের আহ্বান জানান। সেদিন তার দৃপ্ত উচ্চারণ—এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম—পাকিস্তানি শাসনের নিপীড়ন থেকে বাঙালির মুক্তির মূলমন্ত্রে পরিণত হয়েছিল।
১৯৭১ সালের সেই উত্তাল ৭ মার্চে ঢাকা পরিণত হয়েছিল মিছিলের শহরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে হেঁটে, বাসে, লঞ্চে কিংবা ট্রেনে করে রেসকোর্স ময়দানে সমবেত হয়েছিলেন। ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে লাখো মানুষের উপস্থিতিতে বিশাল সেই ময়দান পরিণত হয়েছিল এক জনসমুদ্রে।
সেদিন বিকেল ৩টা ২০ মিনিটে সাদা পায়জামা-পাঞ্জাবি ও হাতাকাটা কালো কোট পরে দৃপ্ত পদক্ষেপে মঞ্চে ওঠেন বঙ্গবন্ধু। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আকাশভেদী স্লোগান ও করতালির মাঝে হাত নেড়ে অভিবাদন জানান উপস্থিত জনসমুদ্রকে। এরপরই শুরু করেন তার সেই ঐতিহাসিক ভাষণ, যা বাঙালির স্বাধীনতার আন্দোলনকে নতুন গতি ও দিকনির্দেশনা দেয়।
২০১৭ সালের ৩০ অক্টোবর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) বঙ্গবন্ধুর এই ভাষণটিকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়।
@2025 বাংলার বার্তা. All right reserved.