মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন টরকী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী-অঙ্গ সংগঠনের একটি আঞ্চলিক কার্যালয়কে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কার্যালয়ের ভেতরে এক নারীকে নিয়ে অবস্থানের অভিযোগে যুবদল কর্মী ও বালু ব্যবসায়ী রাশেদ বেপারীকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে নতুন টরকী বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নিজের দোকানকেই বিএনপির আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন রাশেদ বেপারী। কার্যালয়ের পেছনের একটি দরজা দিয়ে তিনি এক নারীকে নিয়ে দোকানের ভেতরে প্রবেশ করেন। দোকানের সামনের শাটার বন্ধ থাকলেও পেছনের একটি দরজা, যা মাটি থেকে প্রায় চার ফুট উঁচু, খোলা ছিল।
এলাকাবাসীর দাবি, বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন স্থানীয় ব্যক্তি দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। পরে খবর ছড়িয়ে পড়লে বাজারে বিপুল সংখ্যক উৎসুক মানুষ জড়ো হন এবং দোকানটি ঘিরে ফেলেন।
অভিযোগ রয়েছে, পরে দোকানের ভেতর থেকে ওই নারী ও রাশেদ বেপারীকে বের করে স্থানীয় জনতা আটকে রাখে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ বিষয়ে রমজানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তারেক মাহমুদ উজ্জ্বল, স্থানীয় বাসিন্দা আখতার বেপারীসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এর আগেও ওই ব্যবসায়ীকে একই ধরনের সন্দেহজনক পরিস্থিতিতে দেখা গেলেও তখন নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সোমবার সকালে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা এলাকাবাসীকে অবহিত করেন।
স্থানীয়দের আরও অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে রাশেদ বেপারী তাকে আটককারী জনতা ও এলাকার সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত রাশেদ বেপারী ও তার শ্যালিকা কোনো মন্তব্য করতে রাজি হননি। রাশেদ বেপারী বলেন, আমার অভিভাবক দলীয় নেতারা আছেন। তারা যখন বলবেন, তখন আমি এ বিষয়ে কথা বলব।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।