
গৌরনদী উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ সরকারি রাজস্ব আদায় করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে সততা, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে ভূমি অফিস সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় হয়েছে। মাত্র ১৪৮ বর্গকিলোমিটার আয়তনের গৌরনদী উপজেলায় ভূমি উন্নয়ন কর বাবদ আদায় করা হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ২২৫ টাকা, যা সাধারণ দাবির ১৫৫ শতাংশ এবং সংস্থা দাবির ১০৭ শতাংশ অর্জন করেছে।
এছাড়া, ভিপি লিজ মানি বাবদ আদায় হয়েছে লক্ষ্যমাত্রার ১০১ দশমিক ২২ শতাংশ এবং চান্দিনা ভিটি নবায়ন খাতে আদায় হয়েছে ১০২ শতাংশ। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড আদায়, অনলাইনে পরিশোধিত নামজারি ফি, খতিয়ান সংশোধন ফি এবং খতিয়ানের সার্টিফাইড কপি ফিসহ অন্যান্য বিভিন্ন খাত থেকে রাজস্ব সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২ কোটি টাকায় পৌঁছেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। "জনগণের কাছে এসিল্যান্ডের জবাব" শীর্ষক গণশুনানি, রেকর্ড পরিমাণ সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ অভিযান এবং জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রম প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করেছে বলে স্থানীয়দের অভিমত।
গৌরনদী উপজেলা ভূমি অফিসের এই অভাবনীয় সাফল্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গৌরনদীবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভবিষ্যতেও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।