মোঃ মেহেদী হাসান
বরিশালের গৌরনদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মো. সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি লাল রঙের অ্যাপাচি-১৬০ মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ এলাকার উত্তর বিল্লগ্রামের একটি মৎস্যঘেরের সামনে এ অভিযান চালানো হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় তাঁর ব্যবহৃত লাল রঙের অ্যাপাচি-১৬০ মোটরসাইকেলটি জব্দ করা হয়।
বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ।