গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিয়ে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মুক্তিযোদ্ধা পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কালু খানের নামে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে ঘরটির নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার জামাল ফকির।
মুক্তিযোদ্ধার ছেলে আল আমিন খান অভিযোগ করে বলেন, শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের ইট, খোয়া ও বালু দিয়ে নির্মাণকাজ শুরু করেন। তারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ করে রাখা হয়। গত তিন মাস ধরে কাজ বন্ধ থাকায় ছয় ভাই ও তাদের পরিবার নিয়ে তারা চরম বিপাকে রয়েছেন।
এ বিষয়ে ঠিকাদার জামাল ফকিরের সাথে যোগাযোগ করতে মুঠোফোনে কল দিলে রিসিভ করে জরুরী কাজে ঢাকা অবস্থান করছে বলে কল কেটে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম এর কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত করে সত্যতা পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিব।
মুক্তিযোদ্ধা পরিবারের দাবি, শিডিউল অনুযায়ী দ্রুত মানসম্মত সামগ্রী দিয়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হোক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।