মোঃ মেহেদী হাসান।
পরিচ্ছন্ন বিদ্যালয় নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে বরিশালের গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট সকাল ১১টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, গৌরনদী, বরিশালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. নূরুল আলম ভূঁয়া।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, প্রবাসী মোঃ মিজানুর রহমান মুন্সী, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদারসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ।
কর্মসূচিটির সার্বিক অর্থায়নে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী মোঃ গোলাম কিবরিয়া তালুকদার এবং টরকী বন্দর বণিক সমিতির সভাপতি হাসান সাহাবুব শরীফ।
বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী মোঃ গোলাম কিবরিয়া তালুকদার বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার অভ্যাস গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন ডাস্টবিনের যথাযথ ব্যবহার করে এবং নিজেদের বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয় হলো শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠার অন্যতম প্রধান স্থান। বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য ডাস্টবিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করা হয়। এ উদ্যোগকে বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।