
গৌরনদী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আগামী ১৯, ২০ ও ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমি মেলা ২০২৬”। এ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ ও মিউটেশন (নামজারি) বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।ভূমি অফিস সূত্রে জানা যায়, নামজারি বা মিউটেশনের মাধ্যমে জমির মালিকানা সরকারি স্বীকৃতি লাভ করে। ভূমি মালিকানার সঠিক কাগজপত্র না থাকলে জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা, ভবন নির্মাণ কিংবা ব্যাংক ঋণ গ্রহণে নানা ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। তাই সাধারণ মানুষকে নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও ভূমি মেলার অংশ হিসেবে মিউটেশন আবেদন পদ্ধতি, অনলাইনে আবেদন, সরকারি ফি পরিশোধ, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। সেবাপ্রার্থীরা যেন দালাল ছাড়া সহজে ও স্বচ্ছভাবে ভূমি সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বর্তমানে গৌরনদী ভূমি অফিসে শতভাগ শুনানি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবার ফি, আর্থিক অনুসন্ধান এবং প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সেবাপ্রার্থীদের আগেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে সেবা গ্রহণ করতে পারছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বৃহস্পতিবার “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” শীর্ষক গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ সরাসরি উপস্থিত হয়ে নিজেদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরছেন এবং তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন। এতে ভূমি অফিসের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, “জনগণকে ভূমি সেবা সম্পর্কে সচেতন ও হয়রানিমুক্ত সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। ভূমি মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা চাই মানুষ সরাসরি এসে সঠিক তথ্য জানুক এবং সহজে সরকারি সেবা গ্রহণ করুক।”
তিনি আরও জানান, ভূমি মেলায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং ভূমি সেবা ডিজিটাল ও জনবান্ধব করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।