স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার
(১০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন বিজয়পুর ক্যাথলিক চার্চে এ সংলাপের আয়োজন করা হয়।
গৌরনদী ক্যাথলিক চার্চের উদ্যোগে আয়োজিত এ সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে আন্তঃধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠাসহ বাংলাদেশ, বিশেষ করে গৌরনদী ও আগৈলঝাড়া অঞ্চলের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব। পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াব এবং ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও শক্তিশালী করব।’

বিশেষ অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতি নিয়ে বক্তব্য দেন ফাদার মাইকেল মিলন দেউরী।
মুসলিম সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন কাসেমাবাদ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আসাদুজ্জামান। হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন আগৈলঝাড়া বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী। খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন সিসিডিবির সহসভাপতি পলাশ রায়।
নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মিডিয়া সমন্বয়কারী খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাহির হোসেন, সদস্য সচিব শফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে একটি পেইন্টিং উপহার দেন। পরে মন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী গৌরনদীর শরিকল এলাকায় মন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন