
গৌরনদী উপজেলার বাটাজোড়–সরিকল খাল পুনঃখনন প্রকল্পে কাজ শেষে সরকারের সাশ্রয় করা ৭৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের ফলে কৃষি, সেচ, মৎস্যসম্পদ, পানি নিষ্কাশন ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী।
প্রকল্প সূত্রে জানা গেছে, খাল পুনঃখনন প্রকল্পে মোট বরাদ্দ ছিল ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। অব্যবহৃত ৭৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে, যা সরকারি অর্থের সাশ্রয়ী ও স্বচ্ছ ব্যবহারের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
দীর্ঘদিন পলি জমে নাব্যতা হারানো বাটাজোড়–সরিকল খালটি বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচসংকটের অন্যতম কারণ ছিল। পুনঃখননের ফলে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরেছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন, দেশীয় মাছের আবাস ও প্রজনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা তৈয়ব আলী শেখ বলেন, আগে সময়মতো জমিতে চাষাবাদ করা কঠিন ছিল। এখন সেচব্যবস্থা সহজ হওয়ায় আবাদ বাড়বে এবং কৃষকের উৎপাদন খরচও কমবে। কৃষক নিতাই মালি বলেন, পর্যাপ্ত পানির কারণে এখন তিন মৌসুমে চাষাবাদের সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় কৃষক মো. কামাল ফকির বলেন, খাল পুনঃখননের সুফল কৃষির পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপর বাসিন্দা অধীর বর্ধন বলেন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসায় এলাকার কৃষক ও মৎস্যজীবীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য ছিল পানির প্রবাহ সচল করা, জলাবদ্ধতা দূর করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা। তিনি জানান, প্রায় ১০ কিলোমিটার খাল পুনঃখননের পাশাপাশি খালের দুই তীরে ৬ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছের পরিচর্যা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকলে কৃষি, সেচ, মৎস্য, নৌ-যোগাযোগ ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি সুফল মিলবে। একই সঙ্গে প্রকল্পের অর্থ সাশ্রয় করে বিপুল পরিমাণ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনাও সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনার একটি ইতিবাচক নজির হিসেবে বিবেচিত হবে।