মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৬) বার্থী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মেসার্স তামিম ফুয়েল সাপ্লাইয়ের একটি তেলবাহী লরির (ফরিদপুর-ঢ-৪১০০০৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় পাঁচজন আহত হন। একই ঘটনায় লরিচালক আব্দুর রহিম শেখ গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতরা হলেন—
পারভীন (৩০), বেজগাতী, গৌরনদী; আব্দুর রহিম (৪৫), পটুয়াখালী; মাসুমা (৩০), পিঙ্গলাকাঠী; তুহিন (৯), শিশু; এবং আরও একজন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়। এতে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনায় তেলবাহী লরির চালক আব্দুর রহিম শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে