
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে আসছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী সিসিভিবি (CCVB) প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও মো. ইব্রাহীম নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং প্রতিষ্ঠানটির জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেন।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন ইউএনওর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।