মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ডে
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বরিশালের মুলাদী উপজেলার ৮ নং শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মোঃ পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)। তারা আপন দুই ভাই।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরিশালের অফিসার ইনচার্জ মোহাম্মদ শামুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই মোঃ হানিফ মোল্লা, এএসআই মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়।
ডিবি পুলিশ আরও জানিয়েছে, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে