
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে এক ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এবং দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, টরকী বন্দরের ব্যবসায়ী শিশির রাহা ও নুর ইসলাম গাজীর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জনতা এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। তারা স্থানীয় দোকানঘরের মালিক শফিকুর রহমান রেজাউল সিকদারের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। চুক্তি অনুযায়ী তারা ১০ লাখ টাকা অগ্রিম এবং মাসিক ১০ হাজার টাকা ভাড়া পরিশোধ করে আসছেন।
অভিযোগ রয়েছে, গত ২ জুন বুধবার রাত আনুমানিক ৮টার দিকে দোকানঘরের মালিক শফিকুর রহমান রেজাউল সিকদার প্রতিষ্ঠানটিতে এসে পূর্ব আলোচনা ছাড়াই নগদ ১৫ লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগীরা ওই অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত শফিকুর রহমান রেজাউল সিকদার ব্যবসায়ী শিশির রাহার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, শিশির রাহাকে রক্ষা করতে এগিয়ে এলে ব্যবসায়ী নুর ইসলাম গাজী, তার ছেলে এবং শিশির রাহার ছেলেকেও মারধর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (৪ জুন) সকালে টরকী বন্দর বণিক সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সকাল ১০টায় বণিক সমিতির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কর্মসূচি চলাকালে জরুরি জনসেবামূলক প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন।
প্রতিবাদ সমাবেশে বণিক সমিতির সভাপতি শরিফ সাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝী, কোষাধ্যক্ষ অলিউর রহমান ওলি এবং বন্দরের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ব্যবসায়ী ও সচেতন মহলও ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শফিকুর রহমান রেজাউল সিকদারের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া তার বাসভবনে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
এদিকে, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।