মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ জামাল উদ্দিন ফকির। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। মোঃ জামাল উদ্দিন ফকির দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানান। তিনি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া তৃণমূলের একজন কর্মী হিসেবে উল্লেখ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে রাজনীতি করে আসছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। দলের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম লক্ষ্য। স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন সময়ে এলাকার মানুষের স্বার্থে স্বনির্ভর খাল খননের উদ্যোগের সঙ্গেও মোঃ জামাল উদ্দিন ফকির সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে দাবি করেন তাঁর সমর্থকরা। প্রার্থিতা ঘোষণাকালে মোঃ জামাল উদ্দিন ফকির বলেন, নলচিড়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করব। তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে