রংপুরের পীরগঞ্জে একটি ব্যক্তিমালিকানাধীন গোডাউনে সরকারি চালের বস্তা নেওয়ার অভিযোগ উঠেছে। চালের বস্তা গোডাউনে নেওয়ার দৃশ্য মুঠোফোনে ভিডিওধারণ করায় দুই যুবককে ভেতরে নিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরে উপজেলা প্রশাসন গোডাউনটি সিলগালা করে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, ‘মেসার্স নূর ট্রেডার্স’ নামের ওই গোডাউনটি সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিয়ার। তার ছেলে নূর মোহাম্মদ স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা হিসেবে পরিচিত।
বুধবার বিকেলে ভ্যানযোগে সরকারি চালের বস্তা গোডাউনে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় দুই যুবক মুঠোফোনে এর ভিডিওধারণ করেন। পরে তাদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাদের প্রশ্ন, সরকারি চাল হলে তা ব্যক্তিমালিকানাধীন ওই গোডাউনে কেন নেওয়া হচ্ছিল। চালগুলো কোনো সরকারি কর্মসূচির বরাদ্দ কিনা, কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে রাখা হলো—এসব বিষয়ও জানতে চান তারা।
গোডাউনের মালিক আব্দুল কাইয়ুম মিয়া বলেন, ‘আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে।’
পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসেলে সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনটি সিলগালা করেন।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছেন। আগামীকাল খাদ্য বিভাগ যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
খাদ্য বিভাগের যাচাই-বাছাই শেষে গোডাউনে থাকা চাল সরকারি কিনা এবং কীভাবে সেখানে গেল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।