ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তুরাগের, বাবুগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঢাকায় কর্মস্থল থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি বাবুগঞ্জে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেহেদী হাসান তুরাগ (৩০)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তুরাগ রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই। ঢাকায় ইয়ামকো গ্রুপে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন তুরাগ।
প্রতি বৃহস্পতিবার ছুটে গ্রামের বাড়িতে আসতেন তুরাগ। সেখানে চলছিল তার নতুন পাকা ঘর নির্মাণের কাজ। স্বজনদের ভাষ্য, খুব শিগগিরই বিয়ে করে সেই ঘরে নতুন সংসার শুরু করার স্বপ্ন ছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—নতুন সেই ঘরে আর থাকা হলো না তুরাগের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তারা চার বন্ধু দুইটি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা খাদে পড়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার তুরাগের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, মহানগর বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শাহীনুল ইসলাম সিকদার, মোঃ দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ আজাদ, অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, ছাত্রদলের আহ্বায়ক আতিক আল-আলআমিন ও যুগ্ম আহ্বায়ক আকিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া স্বজন, বন্ধু, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। তুরাগকে শেষবারের মতো বিদায় জানাতে তার বাড়িতে মানুষের ঢল নামে।
যে ঘরটি ছিল নতুন জীবনের স্বপ্ন, সেই ঘরটি হয়তো দাঁড়িয়ে থাকবে—শুধু তুরাগ আর কোনোদিন ফিরবেন না সেখানে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।