মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালকসহ ২৫ জন যাত্রী।
রোববার (১২ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ‘সাকুরা পরিবহন’ নামের একটি বাস মেলকাই এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত বাসটি মহাসড়কের পাশে থামান। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশার চালক নাজমুল ইসলাম বলেন, ‘পাথুরিয়া পার বাজার স্ট্যান্ড অতিক্রম করার পর কিছুক্ষণের মধ্যেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে পুরো বাসে। এতে মুহূর্তেই বাসটি আগুনে পুড়ে যায়। এ সময় এক যাত্রী আতঙ্কে বাস থেকে লাফ দিলে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে ডাসার ও কালকিনি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বাসটির ইঞ্জিন বা ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ডাসার থানার ওসি তরিকুল ইসলাম জানান, বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। তবে একজন যাত্রীর মৃত্যু হয়েছে।