তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবো না। আমরা জনগণের সরকার করবো। নির্বাচিত হলে আমরা সরকার থাকবো, না হলে সরকার থাকবো না, কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন।
বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
তিনি আরও বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শিগগিরিই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো।
একইসঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরও ত্বরান্বিত করা হবে। কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।