
রাজধানীর পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই দোকানগুলোর সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেট এলাকায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply