বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামত জ্বালানি তেল না দেওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারের ওপর পুলিশের উপস্থিতিতে হামলা করেছে উপজেলা যুবদলের এক কর্মী। এই হামলার ঘটনা তাৎক্ষনিকভাবে ফিলিং স্টেশনের ম্যানেজার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক ও থানার ওসি মোহাম্মাদ মাসুদ খানকে মোবাইল ফোনে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য মো. জাহাঙ্গীর সরদার বুধবার রাত সাড়ে নয়টার দিকে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে দেড়শ' লিটার ডিজেল দাবি করেন।এসময় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জহিরুল ইসলাম তেল সংকটের কথা জানিয়ে এতোপরিমান তেল দেওয়া সম্ভব নয় বলে জানালে তার ওপর পুলিশের এসআই মনিরুল ইসলামের উপস্থিতিতে অর্তকিত হামলা চালায় যুবদল কর্মী জাহাঙ্গীর সরদার।
হামলার সময় উপস্থিতি পুলিশ ও স্থানীয় লোকজন নিবৃর্ত করার চেষ্টা করে। হামলার পরে ফিলিং স্টেশনের ম্যানেজার তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ও ওসি মোহাম্মাদ মাসুদ খানকে তার ওপর হামলার ঘটনা জানান।
আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জহিরুল ইসলাম বলেন, চাহিদামতো তেল দিতে না পারায় আমার ওপর জাহাঙ্গীর নামে এক ব্যক্তি হামলা করেছে। আমি বিষয়টি নির্বাহী কর্মকর্তা ও ওসি স্যারকে জানিয়েছি।
এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর সরদার বলেন, আমার এলাকার খালেক হাওলাদারের একটি বোরো ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলাম। একারনে ফিলিং স্টেশনের লোকজন আমার ওপর হামলা করেছে।
এ ব্যাপারে ফিলিং স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো. মনিরুল ইসলাম বলেন, আমরা হাতাহাতির ঘটনা দেখে এগিয়ে এসে নিবৃর্ত করি। পরে জানতে পারি জাহাঙ্গীর নামের এক ব্যক্তি একটি বোরো ব্লকের জ্বালানি তেলের জন্য সুপারিশ করেছিল। এসময় ফিলিং স্টেশনের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলায় এই ঘটনা ঘটেছে।