প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৬:৪১ পি.এম
ফ্লাইওভারে উঠতে গিয়ে ব্যর্থ ‘পিংক বাস’, পুরুষ চালকের সহায়তায় উদ্ধার

রাজধানীতে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য নির্ধারিত বিশেষ ‘পিংক বাস’ সেবার এক চালক দোতলা বাস নিয়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়েন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা দীর্ঘ যানজট এড়াতে পরবর্তীতে এক পুরুষ চালকের সহযোগিতায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালিত এই ‘পিংক বাস’ সেবা চালু হওয়ার পর থেকেই দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে। তবে শাহজাহানপুর এলাকায় দোতলা বাসটি নিয়ে ফ্লাইওভারে ওঠার সময় বিপত্তিতে পড়েন চালক ফাহিমা সানজান। ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে তিনি বাসটি থামিয়ে দেন।
পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ও সড়কে যানজট সৃষ্টি এড়াতে একজন পুরুষ চালক এগিয়ে আসেন এবং তিনি বাসটি চালিয়ে ফ্লাইওভারে তোলেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
এদিকে রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা ‘নারী বাস’ সার্ভিস উদ্বোধনের পরদিনই দেখা গেছে যাত্রীসংকট।
মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের বাসটিতে যাত্রী ছিলেন হাতে গোনা কয়েকজন।
সরেজমিনে দেখা যায়, বাসটির ওপরের তলা পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ছিলেন মাত্র দুজন যাত্রী। এরপর সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কিছু কিছু নির্ধারিত পয়েন্টে থামেনি।
একই সময়ে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেরও একই চিত্র দেখা যায়। শাহবাগ মোড়ে বাসটির দেখা মেলে। বাসে উঠে দেখা যায়, সেখানে চার থেকে ছয়জনের মতো যাত্রী রয়েছেন।
@2025 বাংলার বার্তা. All right reserved.