ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে ধর্ম পরিবর্তন করেছেন এক হিন্দু তরুণী। পরিবারের আপত্তি, সামাজিক নানা চাপ ও সমালোচনার মধ্যেও প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম যুবককে বিয়ে করেছেন তিনি। জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের বশির সরদারের ছেলে মো: তামিম হাসান ও পার্শ্ববর্তী গ্রাম ফলাঘরের প্রদীপ চন্দ্র সাহার মেয়ে প্রিয়ন্তী রানী সাহা দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক হলেও তাদের মধ্যে ধর্ম ভিন্ন হওয়ায় বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে পরিবারকে না জানিয়ে দুজনই পালিয়ে যায়।
পরে ওই তরুণী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নামে পরিচিত হন জান্নাতি ইসলম নামে। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্থানীয় কাজীর মাধ্যমে গত ৩ মে ২ লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে সেই বিয়ের পরে বাসর ঘরের পরিবর্তে প্রেমিক তামিমের ঠাই হয়েছে জেল হাজতে। দুজনে পালিয়ে যাওয়ার পরে এই ঘটনায় তরুণী জান্নাতী ইসলামের পরিবার বাকেরগঞ্জ থানা একটি সাধারণ ডায়রি করলে গত বৃহস্পতিবার ওই তরুন তরুণীকে পুলিশ গ্রেফতার করলে তামিমকে জেল হাজতে পাঠানো হয়।
তবে এই ঘটনায় প্রেমিক মো: তামিম হাসানের পিতা : বশির সরদার জানান, ছেলে মেয়ের সম্পর্কের বিষয়টি আমি যখন জানতে পারি তখন মেয়ের পরিবারকে আমি ঘটনাটি জানিয়েছি। আমিও কখনো চাইনি আমার ছেলে এভাবে পালিয়ে বিয়ে করুক। ছেলে মেয়ে উভয় প্রাপ্তবয়স্ক শুনেছি তারা নাকি বিয়েও করেছে। তবে এখন শুনতে পাচ্ছি পুলিশ গ্রেপ্তারের পরে আমার ছেলের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও অপহরণ মামলা করা হয়েছে। এখানে কোন অপহরণের ঘটনাই ঘটেনি। এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আদিল হোসেন জানান, থানায় সাধারণ ডায়রি হওয়ার পরে তরুণ তরুণীকে উদ্ধার করা হয়েছে। ছেলেটিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই তরুণীর পরিবার ছেলেটির বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা একটি মামলা দায়ের করেছে। আমরা মামলা গ্রহণ করেছি। এখন বিষয়টি আদালত দেখবে।