বরিশাল প্রতিনিধি:
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিস্ফোরণের বিকট শব্দে আদালত চত্বরে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আদালত চত্বরের প্রবেশমুখের মূল ফটকের কাছাকাছি জুডিশিয়াল ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন এবং আলামত সংগ্রহসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেন, ফ্যাসিস্টদের দোসররা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কর্মকাণ্ডের কারণেই এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, যারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবির বলেন, নাশকতার উদ্দেশ্যেই ফ্যাসিস্টদের দোসররা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তিনি বলেন, শান্ত পরিবেশ অশান্ত করার জন্য এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
এদিকে, বিএনপি পুলিশের উপ-পুলিশ কমিশনার সুপ্রান্ত সরকার জানান, সিআইডি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্ফোরণের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর আদালত ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তের মাধ্যমে বিস্ফোরণের উৎস ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।