বরিশালের বানারীপাড়া থেকে বরিশালগামী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আঃ মালেক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন একাধিক যাত্রী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বরিশাল নগরীর গড়িয়ার পাড়ের আগে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাসটি গড়িয়ার পাড়ের আগে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটিতে অনেক নারী ও শিশু আটকা পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালেক (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত একাধিক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এখনও বাসটির ভেতরে আরও কোনো যাত্রী আটকা রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে।