নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনসহ ৬ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল তাদের উপর হামলা চালায় এবং সর্বস্ব ছিনিয়ে নেয়।
ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁন, মুকুল, রাজিব, রুবেল, ফারুক এবং ডালিমকে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।