
পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারী জলিলুর রহমানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত অফিস সহকারী জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
স্থানীয় সূত্রে জানা গেছে,জলিলুর রহমান বিদ্যালয়ের চাকুরির পাশাপাশি ওই শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে ইংরেজি পড়াতেন। অভিযোগ রয়েছে,তিনি ওই শিক্ষার্থীর সরলতার সুযোগ নিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পূর্বেও তার বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ছিল বলে জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানান,অভিযোগের ভিত্তিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি আরও জানান,শৃঙ্খলাভঙ্গের কারণে ওই শিক্ষার্থীকে প্রায় তিন মাস আগেই বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছিল।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার জানান,এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।