পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় যৌথ অভিযানে ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ইংরেজি ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর ও ভান্ডারিয়া থানার পুলিশের যৌথ অভিযানে ভান্ডারিয়া থানাধীন ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জনৈক হরিদাসের বসত ঘরের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১) কে ৪০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মধ্য মেদিরাবাদ এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মওদুদ আহমেদের বিরুদ্ধে পূর্বেও একটি ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।