
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে। এ আলোচনায় স্থানীয় ভোটারদের একটি বড় অংশের কাছে পরিচিত ও আলোচিত মুখ হিসেবে উঠে আসছেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল গোমস্তা।
মাহিলাড়া ইউনিয়নে প্রায় ১৫ হাজার ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজার পুরুষ এবং ৭ হাজার নারী ভোটার। ইউনিয়নের নয়টি ওয়ার্ডজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগ্রহ ও রাজনৈতিক আলোচনা দিন দিন বাড়ছে।
বরিবার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই এবার ইউনিয়নে নতুন ও তরুণ নেতৃত্ব দেখতে আগ্রহী। স্থানীয় বাসিন্দা আলম হাওলাদার, মোবারক হাওলাদার, রহিম বেপারী, হেলাল হাওলাদার, পলাশ সরদার, কালাম তালুকদার, নয়ন সরদার, কামাল কবিরাজ ও বাদশা সিকদারসহ একাধিক ভোটার জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি এলাকার উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব এবং সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মাহিলাড়া ইউনিয়নের দীর্ঘদিনের কিছু নাগরিক সমস্যাকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। ভাঙাচোরা রাস্তাঘাট, সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট এবং যুবসমাজের একাংশের মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বাসিন্দা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা জোরালোভাবে উঠে এসেছে সাধারণ মানুষের মধ্যে। এ বিষয়ে রুবেল গোমস্তা দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে স্থানীয়রা জানান। ভোটারদের মতে, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নিতে পারে—এমন নেতৃত্বই এখন সময়ের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন অনানুষ্ঠানিক জনমত পর্যালোচনায় রুবেল গোমস্তার প্রতি ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ, শিক্ষিত বেকার যুবক, কৃষি উদ্যোক্তা এবং সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে স্থানীয়দের ধারণা।
দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে রুবেল গোমস্তা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করেন। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তার সক্রিয় অংশগ্রহণ এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
এ বিষয়ে জাতীয় দৈনিক ইনকিলাবের গৌরনদী উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসানের সঙ্গে আলাপকালে রুবেল গোমস্তা বলেন, “মাহিলাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডকে প্রবীণ ও তরুণদের সমন্বয়ে পরিকল্পিতভাবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখব।”
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন এখনও বেশ কিছুটা সময় বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নির্ভর করবে প্রার্থীদের মাঠপর্যায়ের কার্যক্রম, নির্বাচনী প্রচারণা এবং ভোটারদের শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাহিলাড়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন