রাজশাহীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় আবদুল বারী (৪০) নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে পেট্রলবোমা মেরে তার দোকানটিও পুড়িয়ে দেওয়া হয়। টাকা ভাঙিয়ে (খুচরা করে) না দেওয়ার জের ধরে শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবদুল বারী বাকীর মোড় এলাকার বদরুল সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কিছু বখাটে যুবক বাকীর মোড় এলাকায় মাদক সেবন করতে আসে। এ সময় তারা টাকা খুচরা করতে আবদুল বারীর দোকানে যায়। কিন্তু খুচরা টাকা নেই বলে জানালে তারা উত্তেজিত হয়ে আবদুল বারীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে এসে তার দোকানে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে আবদুল বারীর বাড়ির সামনে থাকা মুদিদোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রলবোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এ অবস্থা দেখে বারীসহ তার পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসেন। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আবদুল বারীকে কুপিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহত দোকানির মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা হবে।