
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও কিছুটা শক্তিশালী হতে পারে।
তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। একই সঙ্গে বাংলাদেশের ওপর সরাসরি আঘাত হানার আশঙ্কাও নেই। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে গরমের অস্বস্তিও কমার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও কোথাও ভারী এবং মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ফলে নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকলেও বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।