পণ্য না কিনে শুধুমাত্র ক্যাশআউট করার জন্য বাংলা কিউআর ব্যবহার করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ক্যাশলেস লেনদেন গড়ে তুলতে বাংলা কিউআরের প্রচলন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য প্রতিটি লেনদেনের ফুটপ্রিন্ট রাখা। এ সেবা দিতে কোনো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ (এমএফএস) অন্যান্য প্রতিষ্ঠান গড়িমসি করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ব্যাংক ও এমএফএস গ্রাহকেরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশে প্রায় ৩৯ লাখ মার্চেন্টের বাংলা কিউআর স্ক্যান করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারছেন। গত জুনে দৈনিক গড়ে প্রায় ১ লাখ বাংলা কিউআর পেমেন্ট সম্পন্ন হতো। তখন লেনদেনের পরিমাণ ছিল গড়ে ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাংলা কিউআর পেমেন্ট হচ্ছে, যার আর্থিক মূল্য গড়ে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা। মাত্র ৯০ দিনের ব্যবধানে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ এবং লেনদেনের অর্থমূল্য প্রায় পাঁচ গুণ হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলা কিউআর লেনদেনের প্রচার ও প্রসার বৃদ্ধির জন্য নতুন কিছু পদক্ষেপের কথা জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর থেকে সব বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে প্রদান করা হবে। এতে মার্চেন্টদের অর্থ পাওয়ার ক্ষেত্রে বিলম্ব কমবে। এ ছাড়া বাংলা কিউআর পেমেন্টের ক্ষেত্রে অর্থগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ১ শতাংশ রহিত করা হয়েছে। পাশাপাশি ইস্যুকারী প্রতিষ্ঠানের চার্জ শূন্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআর পেমেন্টের খরচ কমবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে, আগামীকাল বৃহস্পতিবার থেকে মার্চেন্ট পয়েন্টে ২ হাজার টাকা পর্যন্ত এনপিএসবি প্ল্যাটফর্মের প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ২০ শতাংশ হারে বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনা দেওয়া হবে।
আগামী ১ নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-টু-ব্যক্তি (পিটুপি) লেনদেন। এর মাধ্যমে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে কিউআরের ছবি আপলোড করে আন্তঃব্যবহারযোগ্য অর্থ স্থানান্তর করতে পারবেন।
বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ থেকে ১০ হাজার টাকার বেশি পেমেন্ট করা যায় না—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এমন অভিযোগ তাদের কাছেও এসেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। এছাড়া তাদের এজেন্টদের অসহযোগিতার বিষয়টিও জানিয়ে সতর্ক করা হয়েছে।