কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আপনি হয়তো দারুণ সব স্বপ্ন দেখছেন। কিন্তু মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এখন যা বলছেন, তা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। একসময় এআই নিয়ে সবচেয়ে আশাবাদী মানুষগুলোর একজন ছিলেন তিনি। কিন্তু এখন তিনি সতর্ক করে বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক বিপর্যয় ডেকে আনতে পারে, যার ফলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে!
এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এই ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁর মতে, এআই প্রযুক্তি এখন এতই শক্তিশালী যে এটি ধ্বংসাত্মক ঘটনার জন্ম দিতে পারে। এই বিপদ থেকে বাঁচতে তিনি সরাসরি সরকারি হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের দাবি তুলেছেন। আপনি হয়তো ভাবছেন, প্রযুক্তি তো প্রযুক্তিবিদরাই সামলাবেন। কিন্তু গেটস বলছেন, এআইয়ের সুরক্ষাবলয় কেমন হবে, তা নির্ধারণ করতে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনীতিবিদদেরো এই আলোচনায় যুক্ত হওয়া উচিত।
গেটস মূলত ভয় পাচ্ছেন খারাপ মানুষদের হাতে এই উন্নত প্রযুক্তি পড়ার পরিণতি নিয়ে। তাঁর এই ভয়ের যথেষ্ট কারণও আছে। সম্প্রতি এআই স্টার্টআপ অ্যানথ্রপিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে কীভাবে বিভিন্ন রাষ্ট্র ও গোষ্ঠী ড্রোন হামলার ছক কষতে এবং বিপজ্জনক গবেষণার কাজে তাদের এআই মডেল ক্লড ব্যবহার করেছে।