প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১০:৪১ এ.এম
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় মহাসড়কের দুপাশে হাজারো নেতাকর্মী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছেন হাজারো নেতাকর্মী।
দাউদকান্দি থেকে নিমসার, পদুয়ার বাজার, মিয়াবাজার হয়ে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার অন্তত দুটি জায়গায় থামার কথা রয়েছে। এসব স্থান থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
কুমিল্লার পাশাপাশি পাশের চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরাও মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের প্রায় ১০৪ কিলোমিটার অংশের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছেন।কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ফেনী সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চার স্তরের নিরাপত্তাব্যবস্থায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কুমিল্লা অংশে ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য মোতায়েনের কথা জানান তিনি।
@2025 বাংলার বার্তা. All right reserved.