স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান
সৌদি আরবে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির এক সক্রিয় কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই ব্যক্তি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি।
একই সঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডি থেকে কাবা শরিফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণার একটি ভিডিও পোস্ট করেন সাদ্দাম হাওলাদার। পরে ভিডিওটির মন্তব্যের ঘরে একটি দীর্ঘ স্ট্যাটাসও দেন তিনি। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্ট্যাটাসে সাদ্দাম হাওলাদার জানান, তাঁর বাবা, চাচাসহ পরিবারের প্রায় ৯০ শতাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তিনিও দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন।
স্ট্যাটাসে সাদ্দাম আরও লেখেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর পক্ষে আর রাজনীতি করা সম্ভব হচ্ছে না। তবে বিএনপির প্রতি তাঁর কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন সাদ্দাম হাওলাদার।