ঝালকাঠিতে বাস উল্টে খাদে, সুপারভাইজার নিহত, আহত ১০

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আল মামুন মনির (৩০)। তিনি দুর্ঘটনা কবলিত ‘নাহিদ সুপার’ বাসের সুপারভাইজার ছিলেন।

স্থানীয়রা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ‘নাহিদ সুপার’ নামের যাত্রীবাহী বাসটি। পথে বাসটি রায়াপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলার গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে বাসের সুপারভাইজার ও আহত যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যার কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাসের সুপারভাইজার আল মামুন মনিরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *