বরিশালের বাবুগঞ্জে ২৮ অক্টোবরের লগি-বৈঠা সহিংসতার স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে লগি-বৈঠার বর্বরোচিত সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যার ঘটনার স্মরণে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আজিজুর রহমান ওলিদ।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে যেভাবে প্রকাশ্য দিবালোকে জামায়াত নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, তা মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। তিনি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে তিনি দেশে গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের রক্ত যেন বৃথা না যায়। তারা ঐতিহাসিক জুলাই আন্দোলনের চেতনা ও জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমিরবৃন্দ, উপজেলা জামায়াতের রুকন, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *