ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’- রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন পোস্ট দিয়েছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (১৮)। ওই পোস্ট দেওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সোমবার ভোরে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের পাশাপাশি দেখা দিয়েছে নানা প্রশ্ন।

নিহত জান্নাতুল মাওয়া আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে জান্নাতুল মাওয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্টটি দেন। এরপর রাত পেরিয়ে ভোর হলেও তার কক্ষের দরজা বন্ধ ছিল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাবা শরিফুল ইসলামের ঘুম ভাঙলে মেয়ের ঘরে আলো জ্বলতে দেখেন। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর পর জান্নাতুল মাওয়ার ফেসবুক পোস্টটি সামনে আসায় ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। পোস্টে ব্যবহৃত ‘জানোয়ারের বাচ্চা’ শব্দগুলো কাকে উদ্দেশ করে লেখা হয়েছিল, কী কারণে তিনি এমন পোস্ট দিয়েছিলেন, কিংবা মৃত্যুর আগে কোনো বিরোধ বা মানসিক চাপে ছিলেন কি না, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজন ও সহপাঠীরা।

সহপাঠীদের ভাষ্য, জান্নাতুল মাওয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। তাকে এভাবে হারাতে হবে, তা তারা কখনো কল্পনা করেননি। তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

নিহতের বাবা শরিফুল ইসলাম বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ-প্লাস) পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো ছিল। হঠাৎ এমন ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি জেনে কী হবে? আমার মেয়ে তো চলেই গেছে।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জান্নাতুল মাওয়া নামের এক কলেজছাত্রীকে তার নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে আত্মহত্যায় প্ররোচনার কোনো বিষয় থাকলে তা তদন্ত করে দেখা হবে।

জান্নাতুল মাওয়ার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টের পেছনের ঘটনা এবং তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্টদের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্বজন ও সহপাঠীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *