আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান আবারও জেলা পুলিশের সম্মাননা লাভ করলেন।

মো: মেহিদি হাসান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূলে বিশেষ অবদান এবং প্রেসার কুকার বোমা উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় সাহসিকতা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান আবারও জেলা পুলিশের সম্মাননা পেয়েছেন।

​সম্প্রতি বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তাঁর দায়িত্ব পালনের নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করা হয়।

​সম্মাননা প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “রাষ্ট্রের দায়িত্ব পালনে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। আমি সরকারি পোশাক পরেছি, তাই রাষ্ট্রের স্বার্থে অর্পিত যেকোনো দায়িত্ব পালন করতে সর্বদা প্রস্তুত।”

​তিনি আরও যোগ করেন, “অতীতে থানায় হামলা চালিয়ে আমার মনোবল ভেঙে দেওয়ার নানা অপচেষ্টা করা হয়েছে। তবে কোনো বাধা কিংবা ভয়ভীতি আমাকে আমার অর্পিত দায়িত্ব থেকে একচুলও পিছিয়ে দিতে পারেনি। যত বাধাই আসুক, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।”

​তাঁর এই দৃঢ়প্রতিজ্ঞ বক্তব্য পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পুলিশের ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *