গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান

ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা দেয়া এবং আকাশ থেকে নিরাপত্তা দেয়ার মিশনে থাকা অবস্থায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হেনগাম দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত কৌশলগত চাল চালিয়ে এফ-১৬ বিমানটি গতিপথ পরিবর্তন করতে এবং ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।
আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে অপরাধী এবং তাদের সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
বিবৃতিতে মার্কিন সামরিক কমান্ডারদেরও সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’।
আইআরজিসি আরও বলেছে, মার্কিন যুদ্ধবিমান দিয়ে ইরানের আকাশসীমায় আবারও অনুপ্রবেশ বা লঙ্ঘনের ঘটনা ঘটলে তার জবাবে সিদ্ধান্তমূলক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হবে। এতে বিমানগুলোর পরিণতি যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে, যেগুলোকে আগে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *