
বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজনকে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বাগধা ইউনিয়নের নতুন কালীবাড়ী বাজারে বাদশা আকন ট্রেডার্স’র সামনে সামনে বসে ইউপি সদস্য প্রদীপ রায়ের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে উপেন পান্ডে(৫৫) ও তার ছেলে মানিক পান্ড(৩৫)’র উপর হামলা করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় বাধা দিতে গেলে মন্টু রায়(৩৬)সহ আরো দুইজনকে পিটিয়ে আহত করে প্রদীপ রায়সহ তার লোকজন। পরে পিতা ও পূত্রসহ তিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। এঘটনায় উপেন পান্ডের মেয়ে মুক্ত পান্ডে বাদী হয়ে সোমবার রাতেই ইউপি সদস্য প্রদীপ রায়কে প্রধান আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে ইউপি সদস্য প্রদীপ রায় সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের লোকজন আমার উপর হামলা করে গুরুতর আহত করে। এসময় তারা আমার সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক সাংবাদিকদের বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শেষে থানায় মামলা নেয়া হবে।