বরিশাল বোর্ডে পাসের হার কমেছে ১৭.৭৩ শতাংশ।

এক বছরের ব্যবধানে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় অবনতি হয়েছে। গত বছর যেখানে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। একইসঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪ জন। এ বছর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
এ সময় তিনি বলেন, যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে এবারের ফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন। পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী।
গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।
এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে বরিশাল শিক্ষা বোর্ড। বিশেষ করে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান নিয়েও উঠেছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *