বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ উদ্যোগ বাস্তবায়নে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের আদলে আগামী রাজ্য বাজেটে নতুন প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শরণার্থীদের নাগরিকত্ব, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) অনুযায়ী সনদ এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।
সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে সমস্যার সম্মুখীন হয়ে যারা ভারতে আসছেন, তাদের পুনর্বাসনে রাজ্য সরকার উদ্যোগ নেবে। তাদের নাগরিকত্ব ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও কাজ করা হবে।
মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, শরণার্থীদের বসবাসের জন্য জমি বরাদ্দের পাশাপাশি পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থাও করা হবে। এ লক্ষ্যে আগামী রাজ্য বাজেটে বিশেষ প্রকল্প অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও বাড়ি দেওয়ার কর্মসূচি হাতে নেয়। এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশসংবাদ
এদিকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সল্টলেকের করুণাময়ীতে হিন্দু সনাতন ঐক্য মঞ্চের আয়োজনে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালন করা হয়।












Leave a Reply