আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে প্রতারণা, সতর্ক করলেন ওসি মোহাম্মদ মাসুদ খান

মোঃ মেহেদী হাসান।

 

মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা, প্রতারকদের তথ্য থানায় জানানোর আহ্বান

বরিশালের আগৈলঝাড়া থানার আওতাধীন এলাকার নাগরিকদের পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

তিনি জানান, একটি প্রতারক চক্র পুলিশের সদস্য বা উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে কিংবা মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি আগৈলঝাড়া থানা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হতে পারে।

ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, কেউ পুলিশ পরিচয়ে ফোন করে মাদক মামলায় জড়ানোর ভয় দেখালে কিংবা পুলিশ-সংক্রান্ত কোনো তালিকা বা তথ্যের কথা বলে টাকা দাবি করলে আতঙ্কিত হওয়া যাবে না। পরিচয় ও তথ্য যাচাই না করে কাউকে কোনো টাকা দেওয়া উচিত নয়।

তিনি আরও জানান, এ ধরনের সন্দেহজনক ফোন, হুমকি কিংবা টাকা দাবির ঘটনা ঘটলে প্রতারকের কথায় বিশ্বাস না করে সরাসরি আগৈলঝাড়া থানায় যোগাযোগ করে বিষয়টি যাচাই করতে হবে। পাশাপাশি প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।

জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়, শুধু পুলিশ পরিচয় দিলেই কাউকে বিশ্বাস করা যাবে না। যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে সচেতন থাকতে হবে এবং প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারক চক্রের অপতৎপরতা প্রতিরোধে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *