ফেসবুক লাইভে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং ভোট দেওয়া নিয়ে অনুশোচনা জানিয়ে বিএনপির সমালোচনা করেছিলেন ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার। ওই লাইভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোববার রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’ থেকে তাকে আটক করা হয়। সাথী আক্তার ওই পার্লারের মালিক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাথী আক্তার। তিনি অভিযোগ করেন, সম্প্রতি তার দুটি শোরুম, বাসা এবং আশপাশের কয়েকটি দোকান থেকে এসির তার, বিদ্যুতের লাইনসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
লাইভে সাথী আক্তার বলেন, “সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা। কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম!” দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি ভোট দেওয়া নিয়ে অনুশোচনা জানান এবং বিএনপির সমালোচনা করেন।
লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাথী আক্তারের পার্লারে গিয়ে তার কাছে ঘটনার কারণ জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
পার্লারে ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই নারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। ফেসবুক লাইভকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর ওই নারী পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করেন। তিনি বর্তমানে থানায় আটক রয়েছেন এবং কিছুক্ষণ পর তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।












Leave a Reply