কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে বরিশাল নগরীর সাগরদী খাল

বরিশাল নগরীর সাগরদী খালের একটি বড় অংশ ভরাট হয়ে যাচ্ছে কীর্তনখোলা নদী খননের পলিতে। মাত্র তিন বছর আগে খনন করা এই খালটি স্থানীয়দের দৈনন্দিন ব্যবহার ও পানি নিষ্কাশনের প্রধান উৎস হিসেবে কাজ করছিল। পলি জমে খালটির নাব্যতা হারানোর ফলে স্থানীয়রা পানির উৎস বন্ধ হওয়া ও স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন।

কীর্তনখোলা নদীর নাব্যতা রক্ষায় বিআইডব্লিউটিএ প্রায় ১৫ দিন আগে থেকে নদীর অদূরে খননকাজ শুরু করেছে। খনন করা পলি তীরে ফেলার পর তা গড়িয়ে সংলগ্ন খালের অংশে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের অনুমতিক্রমেই মূলত বিআইডব্লিউটিএ ওই স্থানে পলি ফেলছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, জিয়ানগর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত সাগরদী খালের দপদপিয়া সেতু পর্যন্ত দুই কিলোমিটার অংশে এখনও জোয়ার-ভাটা খেলে। প্রবীণ বাসিন্দা নুরুল হক মিঞা বিএইচএস নিউজকে জানান, ২০২৪ সালে খালটি পুনরায় খনন করা হয়েছিল, যা এলাকার সবজি চাষ ও পানি নিষ্কাশনে বড় ভূমিকা রাখছিল। এখন পলি পড়ে খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে চরের মতো জেগে ওঠায় বাসিন্দাদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *