গৌরনদীতে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ মেহেদী হাসান।

গৌরনদীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রি ও ক্রয়ের রশিদ দেখাতে না পারায় জননি ইলেকট্রনিক ও সোহেল স্টোরসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে ম্যাজিস্ট্রেট নিজেই ক্রেতার ছদ্মবেশে সংশ্লিষ্ট দোকানে উপস্থিত হয়ে গ্যাস সিলিন্ডারের মূল্য জানতে চান। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির বিষয়টি প্রমাণিত হয়। পাশাপাশি ডিলারের কাছ থেকে সিলিন্ডার ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো। এতে ক্রয়সংক্রান্ত তথ্য গোপন করার বিষয়টি প্রতীয়মান হয়।

উক্ত অপরাধের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।

এ সময় গৌরনদী মডেল থানার এএসআই মোঃ রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ জানান, জনস্বার্থে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *